ভাণ্ডারিয়া ও আশুলিয়া

বিদ্যুৎস্পর্শে ৩ শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ইকরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ইকরি গ্রামের হারুন খানের ছেলে আল আমিন ও দক্ষিণ ইকরি গ্রামের সেরেজতালী মাতুব্বরের ছেলে ইব্রাহিম মাতুব্বর ।

স্থানীয়রা জানান, সকালে গ্রামের মোল্লাবাড়িসংলগ্ন খলিলুর রহমানের একটি পুকুরে লোহার রড দিয়ে কচুরিপানা পরিষ্কার করার সময় ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ লাইনে লোহার রড স্পর্শ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অপরদিকে, ঢাকার আশুলিয়ায় বহুতল ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে আল-আমিন (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুরগাঁও নতুনপাড়া ২ নম্বর গলির শাহাবুদ্দিনের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন নীলফামারীর জলঢাকা থানার পূর্ব শিমুলিয়া গ্রামের রাহেনুর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, এর আগেও শাহাবুদ্দিন উকিলের বাড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে একজন নিহত হয়েছে এবং ২০১৫ সালের জুন মাসের ৬ তারিখে আনিসা নামের এক শিশু বিদ্যুতের তারে জড়িয়ে দুই হাত হারিয়ে এখন পঙ্গু।