ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসচাপায় চাচা নিতাই কর (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন ভাতিজা সাগর কর (২২) আহত হয়েছে।
শুক্রবার সকালে শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় মহাসড়কের আইল্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ এ দুজনকে চাপা দেয় বাসটি।
নিহত নিতাই একই উপজেলার ছয়গাঁও গ্রামের স্বর্গীয় হরে কৃষ্ণ করের ছেলে। সাগর কর নিহতের ভাই সুধীর করের ছেলে।
এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসের চালক গনি মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ ঘাতক বাসটি আটক করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, সকাল সাড়ে ৯টার দিকে চাচা নিতাই ও ভাতিজা সাগর ঢাকা যাওয়ার উদ্দেশে কেয়টখালী বাসস্ট্যান্ডে বাসের জন্য মহাসড়কের আইল্যান্ডের ওপর দাঁড়িয়ে ছিলেন।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী গাঙচিল পরিবহনের একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। এ সময় আইল্যান্ডে দাঁড়িয়ে থাকা চাচা ও ভাতিজা চাপা পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার চাচা নিতাই করকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ভাতিজা সাগর করকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।