পলাশের অনশন ভাঙালেন আনু মুহম্মদ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বাণিজ্যমন্ত্রীর অপসারণ দাবিতে আরমান হোসেন পলাশের অনশন ভাঙিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহম্মদ।

শুক্রবার বিকেলে তিনি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার থেকে শুরু করা পলাশের অনশন ভাঙান পানি খাইয়ে। 

এ সময় আনু মুহম্মদ বলেন, তার যে দাবি তা সবার দাবি। এ দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। 

এ সময় পলাশের পরিবারেরর সদস্য এবং বামপন্থী অ্যাক্টিভিস্টরা উপস্থিত ছিলেন। 

রাজধানীর পুরানা পল্টন মোড়ে তিনি চা বিক্রি করে আসছিলেন পলাশ। চা বিক্রি বন্ধ করে বুধবার সকাল থেকে তিনি জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে অনশনে বসেন।

পলাশ বলেন, অব্যবস্থাপনার কারণে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের দামও ঊর্ধ্বগতি। ভোগ্যপণ্য এখন গণভোগান্তিতে পরিণত হয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা নাকি বৃদ্ধি পেয়েছে, কিন্তু যারা আসলে ভুক্তভোগী, তারাই জানে আসলে তা হয়েছে কি না।

পলাশ জানান, স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যদের নিয়ে গাজীপুরের চৌরাস্তা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তিনি। গাজীপুর থেকে প্রতিদিন পুরানা পল্টনে আসেন। যাতায়াত ভাড়াসহ প্রতিদিন তার খরচ ৩৫০ থেকে ৪০০ টাকা।