লোকসান থেকে বেরিয়ে এই প্রথম লাভের মুখ দেখল দেশের একমাত্র খনিজ পাথর উত্তোলন প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)।
এই সাফল্য উদযাপনে গতকাল শুক্রবার বিকেলে খনি পরিচালনা, উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কাজের দায়িত্বপ্রাপ্ত বেলারুশভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী, খনিশ্রমিক, খনির পার্শ্ববর্তী গ্রামবাসী, স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ১০ হাজার অতিথিকে প্রীতিভোজ করায়। এ উপলক্ষে খনির পার্শ্ববর্তী মধ্যপাড়া কলেজ মাঠে দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।
এর আগে জিটিসির চেয়ারম্যান ড. মো. সিরাজুল ইসলাম কাজীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভার প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার জিটিসির পরিচালনায় দেশের একমাত্র পাথরখনি লোকসানের ধারা থেকে বেরিয়ে লাভজনক পর্যায়ে উন্নীত হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সভায় জিটিসির নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকী, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামছুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
জাবেদ সিদ্দিকী বলেন, মধ্যপাড়া পাথরখনি থেকে বর্তমানে প্রতিদিন তিন শিফটে ছয় হাজার মেট্রিক টন পাথর উৎপাদিত হচ্ছে। এর মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানটি পাথর উত্তোলনে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এবং খনিটি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা দায়িত্ব নেওয়ার আগে খনি থেকে এক শিফটে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা সম্ভব হতো দাবি করে তিনি বলেন, ‘খনির উৎপাদিত পাথরের গুণগত মান ভালো।’ তিনি দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ খনির পাথর ব্যবহারের জন্য আহ্বান জানান।