জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অচেতন হয়ে পড়ে থাকা এক মুসুল্লিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম ফাহাদ আমিন (৩২)। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাহাদের ভাই মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তুবাগ গ্রামে। তিনি জানান, ‘যুব মজলিস’ নামের একটি ইসলামি সংগঠনের দশম সম্মেলনে গ্রামের বাড়ি থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে গিয়েছিলেন সাথিদের সঙ্গে। মসজিদে জুমার নামাজ পড়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে মুসল্লিরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার সাথি মোশারফ হোসেন জানান, এলাকায় মিষ্টির দোকান করতেন ফাহাদ। দুই সন্তানের জনক তিনি।