রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে এক নারী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সূত্রাপুরের শিরিষ দাস লেনের ২৬ নম্বর বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। বুলবুলি বেগম (৪৮) নামে ওই গৃহকর্মী ছাদ ঝাড়ু দিতে গিয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রাজধানীর মুরগি টোলায় বাস করতেন স্বামী পরিত্যক্তা বুলবুলি। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। দীর্ঘদিন ধরেই সূত্রাপুরের বিভিন্ন বাসায় তিনি বুয়ার কাজ করতেন।
স্থানীয়দের উদ্ধ…তি দিয়ে পুলিশ জানায়, বুলবুলি ওই বাসায় বুয়ার কাজ করতেন। ধারণা করা হচ্ছে, ছাদ ঝাড়ু দিতে গিয়ে মাথা ঘুরে নিচে পড়ে গেছেন তিনি। তার পড়ে যাওয়ার শব্দ পেয়ে আশপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সূত্রাপুর থানার ওসি (তদন্ত) স্নেহাশীষ রায় দেশ রূপান্তরকে জানান, ভবনটির ছাদের অর্ধেক জায়গা খালি আর বাকি অর্ধেক জায়গায় ঘর তোলা আছে। ওই খালি অংশেই ঝাড়ু দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।