মহেশপুর সীমান্তে আবারও ১২ জন আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আবারও ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার সকালে ওই উপজেলার কুসুমপুর বিওপির  সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর-খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সকালে কুসুমপুর বিওপির সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১২ জনকে আটক করা হয়।

মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির অধীনে সোনাগাড়ী রাস্তায় যাত্রীবাহী বাস তল্লাশি করে বাংলাদেশি নাগরিক ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৫ জন শিশুকে আটক করা হয়। আটকরা সবাই গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

উল্লেখ্য, এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট প্রায় ২৮৯ জনকে আটক করেছে বিজিবি। আটক বাংলাদেশি নাগরিকদের দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করবেন বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।