দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) ছেলেদের ক্রিকেট ইভেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। টস হেরে আগে ব্যাট করে নেপালকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকাররা।
কৃতিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। যদিও লাল-সবুজের প্রতিনিধিদের শুরুটা ছিল খুবই বাজে। পরশ খাড়কার তোপে মাত্র ১৬ রানে প্রথম ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ফিফটিতে চ্যালেঞ্জিং লক্ষ্যই গড়েছে ২০১০ আসরের স্বর্ণজয়ীরা।
শান্ত ৬০ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছেন ৪টি করে চার ও ছক্কায়। অন্যদিকে আফিফ ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। মাত্র ২৮ বলে ৬ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান আফিফ।
মোহাম্মদ নাঈমকে সঙ্গে নিয়ে এদিন দলের পক্ষে ইনিংস ওপেন করেন সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই খাড়কা ফিরিয়ে দেন নাঈমকে (৬)। পরের ওভারে ফিরে তুলে নেন সৌম্য সরকার ও সাইফ হাসানকে। বাংলাদেশকে ফেলে দেন চাপে।
আগের দিন ঝোড়ো ফিফটি করা সৌম্য খাড়কার করা ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে কারানকে ক্যাচ দিয়ে ফেরেন। ৮ বলে ১ চারে ৬ রান করেন তিনি। এক বল বিরতি দিয়ে সাইফকে তুলে নেন খাড়কা। ২ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি সাইফ।
এরপর ইয়াসির আলী ১৪ রান করে ফিরে যান অবিনাশ বোহারার বলে। ১০.২ ওভারে ৫৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর শান্ত ও আফিফ গড়েন ৯৪ রানের জুটি। শেষ ওভারে আফিফ ফিরে গেলেও শান্ত ছিলেন অপরাজিত।
নেপালের পক্ষে খাড়কা সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন দিপেন্দ্র সিং।