১০ বছর পর পাকিস্তান টেস্ট দলে ফাওয়াদ আলম

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে বড় চমক ফাওয়াদ আলম। দশ বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

আর সব ধরনের ক্রিকেটে ২০১৫ সালের পর প্রথমবারের মতো ডাক পেলেন ফাওয়াদ। গত বছর পাকিস্তান দলের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েও শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা মেলেনি তার। সেসময়ের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের সঙ্গে  টানা পোড়েনের কারনে দলে তার জায়গা হয়নি বলে সংবাদমাধ্যমে খবর এসেছিল।

অবশেষে শেষ হলো ফাওয়াদের অপেক্ষা। বর্তমান প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক দলে ডাকলেন তাকে। মজার ব্যাপার হলো, মিসবাহ পাকিস্তান দলের অধিনায়ক থাকার সময় একবারও ফাওয়াদকে দলে ডাকেননি।

৩৪ বছর বয়সী ফাওয়াদ সবশেষ টেস্ট খেলেছিলেন ২০০৯ সালের নভেম্বরে, ডুনেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে। সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেন ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ২০১৫ সালে।

গত চার-পাঁচ বছরের রেকর্ড ও ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের কারণেই জাতীয় দলে ফাওয়াদ জায়গা করে নিয়েছেন বলে জানালেন কোচ কাম প্রধান নির্বাচক মিসবাহ।

এখন পর্যন্ত ফাওয়াদ টেস্ট খেলেছেন মাত্র তিনটি। ওয়ানডে ৩৮টি। আর টি-টোয়েন্টি ম্যাচ ২৪টি। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাঁহাতি এই ব্যাটসম্যানের পারফরম্যান্স নজরকাড়া। ১৬৫টি ম্যাচে ৩৪টি সেঞ্চুরি ও ৬০টি হাফ-সেঞ্চুরিসহ করেছেন বারো হাজারের ওপরে রান।

অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে দুটি পরিবর্তন এনেছেন মিসবাহ। ইফতিখার আহমেদের জায়গায় দলে ঢুকেছেন ফাওয়াদ। আর পেসার উসমান শিনওয়ারির জায়গায় ডাক পেয়েছেন তরুণ পেসার মোহাম্মদ মুসা।

পাকিস্তান টেস্ট দল:

আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, ফাওয়াদ আলম, হারিস সোহাইল, ইমাম উল হক, ইমরান খান, খাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ ও উসমান শিনওয়ারি।