জাতীয় পুরস্কার নিতে মহড়া দিচ্ছেন এটিএম শামসুজ্জামান

শারীরিক অসুস্থতা নিয়েই রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে যাবেন অভিনেতা এটিএম শামসুজ্জামান। ২০১৭ সালের পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে রবিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ ও ২০১৮ সালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। ৭ নভেম্বর পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে এটিএম শামসুজ্জামানকে বাসায় নেওয়া হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন তার মেয়ে কোয়েল আহমেদ।

তিনি বলেন, ‘বাবা এখন কিছুটা সুস্থ। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে অনুষ্ঠানে যাবেন তিনি। এখন হাঁটতে একটু সমস্যা হচ্ছে। এ জন্য বাসায় কয়েকবার নিজে নিজে হেঁটে মহড়া করছেন। তাছাড়া বক্তৃতায় কী বলবেন, সেটাও ঠিক করে নিচ্ছেন।’

২৫ নভেম্বর থেকে এটিএম শামসুজ্জামান বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। পরে সেখান থেকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয় তাকে।

এরপর কিছুটা সুস্থ হয়ে উঠলে ২৯ আগস্ট তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

তিন মাসের ব্যবধানে আবারও অসুস্থ হয়ে পড়লে গত ২৫ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে শনিবার দুপুরে বাসায় নেয়া হয়েছে।