মাসের শেষে বা শুরুতে অনেকেই বাসা বদল করেন। এ সময় পোহাতে হয় বেশ কিছু ঝক্কিঝামেলা। তবে কিছু কাজ আগে থেকে গুছিয়ে নিলে বেশি ঝামেলা মনে হবে না। জেনে নিন বাসা বদল করার সহায়ক কিছু পরামর্শ :
বাসা বদলের আগে কাগজের কিছু বড় এবং ছোট কার্টন জোগাড় করে রাখুন। বাসা বদলের অন্তত ১৫ দিন বা এক মাস আগে থেকে কাঁচের জিনিসসহ ছোটখাটো জিনিসগুলো আগে থেকেই কাপড়ে পেঁচিয়ে কার্টনে রেখে দিলে বাসা বদলের আগে ঝামেলা মনে হবে না।
বাসায় রাখা বড় কৌটা বা কন্টেইনারে চামচ, ছুরির মতো জিনিসগুলো রাখুন। দা বা বঁটি রাখার আগে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে রাখবেন।
কার্টন হোক বা বক্স, সবকিছুর গায়েই মার্কার দিয়ে বা অন্য যে কোনোভাবে বুঝতে আপনার সুবিধে হবে সেভাবে চিহ্ন দিয়ে রাখুন। জিনিস খুঁজে পেতে সহজ হবে।
তেল, শ্যাম্পু, লোশনসহ যাবতীয় জিনিসগুলো প্যাক করার আগে অবশ্যই ভালোভাবে সেগুলোর মুখ আটকে নিন। অন্য কোনো জিনিসের মাঝে রাখলেও যেন বোতলের মুখ খুলে না যায় সেজন্য শক্তভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে নিতে পারেন।
বাসা বদলের আগের রাতে ফ্রিজ বা ডিপ ফ্রিজ বন্ধ করে রাখুন। নতুন বাসায় গিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজ চালু করবেন না। এতে কম্প্রেশারে চাপ পড়তে পারে।
বাড়িতে গাছ থাকলে সেগুলোকে খানিক ছেঁটে নিতে পারেন। তাহলে বেশ কিছু গাছ একসঙ্গে রাখা যাবে।
বাসা বদলের আগের দিনই ফ্যান, টিভি, টিউব লাইট ইত্যাদি জিনিসগুলো খুলে রাখলে পরদিন সকালে ঝামেলা মনে হবে না।
কোন ঘরে কোন ফার্নিচার রাখতে চান সেগুলো আগে থেকেই ঠিক করে রাখুন। বাসা বদলের সময় নির্দিষ্ট রুমে ফার্নিচারগুলো রাখুন। পরে শুধু জায়গা বদলে নিলেই হবে।