ঢাকা থেকে স্বামীর লাশ নিয়ে গ্রামের বাড়ি যশোরে ফেরার পথে স্ত্রী জাহানারা বেগমও (৫৫) নিহত হয়েছেন। বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি এ সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেনও (৩৫) মারা গেছেন এবং জাহানারার ছেলে এসআই আবু তাহেরসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে নড়াইল সদর উপজেলার পূর্ববালিয়াডাঙ্গা বাদশার গ্যারেজ এলাকায় যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামের ইসমাইল হোসেন মোল্যা (৬৫) ক্যানসারে আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে বুধবার ভোরে মারা যান। স্বামীর মৃতদেহ নিয়ে স্ত্রী জাহানার বেগম ও তার ছেলে এসআই আবু তাহের অ্যাম্বুলেন্সে করে যশোরে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বালিয়াডাঙ্গা বাদশার এলাকায় পৌঁছালে ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহানারা বেগম মারা যান। এ ছাড়া হাসপাতালে নেওয়া হলে অ্যাম্বুলেন্সের চালক আকবর হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চালকের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি ঢাকায় অ্যাম্বুলেন্স চালাতেন।
এদিকে দুর্ঘটনায় ঢাকা পুলিশ স্টাফ কলেজে কর্মরত এসআই আবু তাহের, আনোয়ার হোসেন লিটন, সেলিম হোসেনসহ আহত পাঁচজনকে নড়াইল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জাহানারা বেগমের স্বজন আনোয়ার কামাল লিটন জানান, বেশ কয়েক বছর আগে নিহতের আরেক ছেলে ক্যানসারে মারা যান। বর্তমানে এসআই আবু তাহের ছাড়া তাদের আর কেউ রইল না।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, জাহানারা বেগম স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্স চালককে হাসপাতালে নেওয়ার পর মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
