ওসমানী বিমানবন্দরের বাথরুম থেকে ২৯ লাখ টাকার সোনা জব্দ

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের ডাস্টবিনে পাওয়া গেছে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২ পিস সোনার বার। যার বাজারমূল্য ২৯ লাখ টাকা বলে ধারণা করছেন কাস্টমস কর্মকর্তারা। শনিবার সকাল ৯টার দিকে বিমানবন্দরের বাথরুম থেকে বারগুলো জব্দ করা হয়।

বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা সংস্থার সুপার আলী আজগর এ তথ্য নিশ্চিত করে বলেন,  দুবাই ফ্লাইটে আসা কোনো যাত্রী গোপনে আনা সোনার বারগুলো পাচারের চেষ্টায় ব্যর্থ হয়ে বাথরুমের ডাস্টবিনে ফেলে রেখে যান।

তিনি বলেন, সকালে দুবাই ফ্লাইট, সিলেট-লন্ডন কানেক্টিং ফ্লাইটসহ তিনটি ফ্লাইট ছিল। সিকিউরিটি জোন পার হতে পারবে না ভেবে, চোরাচালানে যুক্ত যাত্রী বারগুলো বাথরুমে ফেলে রেখেছেন।

বিমানবন্দরের আরেকটি সূত্র জানায়, তৃতীয় কারও সোনার চালানটি সিকিউরিটি জোন পার করার কথা ছিল। কিন্তু তার আগে ক্লিনাররা পেয়ে এভিয়েশনে খবর দিলে পরে কাস্টমসে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, সোনার বারগুলো প্রথমে জব্দের পর প্রদর্শন না করে কাস্টমস কার্যালয়ে নিয়ে গোপন রাখা হয়। পরে গোয়েন্দারা ১ কেজি পরিমাণ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। অবশ্য বাকিদের জেরার মুখে স্বীকার করেন জব্দের পরিমাণ ১ কেজি ৪০০ গ্রাম। বিকেলে জব্দ করা হয়েছে মর্মে প্রদর্শন করা হয়।