ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে সিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবলীগকর্মী গুলিতে নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাজারে দোকান পাট বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার সংলগ্ন বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকুল ছিদ্দিকের মধ্যে। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে চেয়ারম্যান আজিজ গ্রুপের পাঁচ-ছয়জন অনুসারী সমিতি বাজারে দোকানে বসা অবস্থায় সিরাজুল ইসলামের ওপর অতর্কিতে হামলা ও গুলি করে। তার আর্তচিৎকারে উদ্ধার করতে এগিয়ে আসলে হামলাকারীদের গুলিতে পারভেজ, জিহান, শহীদ নামে তিনজন গুরুতর আহত হয়।
নিহত সিরাজ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকার গ্রুপের কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি নিজকুঞ্জরা গ্রামের আবদুল কাদেরের ছেলে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক জানান, জুলফিকুর ও পারভেজের অভ্যন্তরীণ দ্বন্দের কারণে এ ঘটনা ঘটেছে।
তিনি বা তার লোকজন এ ঘটনায় জড়িত নন বলে তিনি দাবি করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন একজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কীভাবে হত্যা হয়েছে এখনো জানা যায়নি। ঘটনা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।