গত ২১ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী লিজা আক্তার (২৮) মোটরসাইকেল থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কিন্তু সড়ক দুর্ঘটনা নয়, মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মায়ের অভিযোগে আদালতের নির্দেশে তরুণীর লাশ দাফনের প্রায় পাঁচ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন চৌধুরীর উপস্থিতিতে উপজেলার আদমপুর ইউপির পূর্ব আধকানীর পারিবারিক কবরস্থান থেকে ওই তরুণীর লাশ উত্তোলন করা হয়।
জানা যায়, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারসের মৌলভীবাজার সিডিপির এসএস সাপোর্টার হিসেবে কর্মরত লিজা আক্তার গত ২১ জুলাই বিকেলে অফিস থেকে যাওয়ার পথে আদমপুর-কোনাগাঁও সড়কে দ্রুতগতির চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে মারা যান বলে বলা হয়। তখন তার বাবা ও বোনরা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করেন।