টেকনাফে দুদল ডাকাতের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে শামসুল আলম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটে। শামসুল ওই ব্লকের মোহাম্মাদ হোসেনের ছেলে। এ সময় মো. ফয়সাল (৩২) নামে আরও একজন গুলিবিদ্ধ হন। টেকনাফ থানার ওসি (অপারেশন) রাকিবুল হাসান জানান, রাতে উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে শামসুল নিহত ও ফয়সাল আহত হন। ফয়সালের অবস্থা আশঙ্কাজনক। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শামসুল চিহ্নিত ডাকাত সদস্য ছিলেন বলেও জানান ওসি।