জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের ক্যাম্পাস প্রতিনিধি নিহার সরকার অংকুরকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ এনে তিনিসহ ১২ সাংবাদিকের নিরাপত্তা চেয়ে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল রবিবার ত্রিশাল থানায় জিডি দুটি করা হয়। একটি করেন নিহার সরকার অংকুর নিজে এবং অন্যটি করেন প্রেস ক্লাবের সব সংবাদকর্মীর (১২ জন) পক্ষে দপ্তর সম্পাদক আশিক আরেফীন।
ভর্তি জালিয়াতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত শনিবার গভীর রাতে সিএসই বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিক খান মুঠোফোনে অংকুরকে হুমকি দিয়ে বলেন, সাংবাদিকতা কাকে বলে দেখিয়ে দেবেন। এসময় তিনি প্রেস ক্লাবের পেইজ ও গ্রুপে কেন তার ছবিসহ নিউজ শেয়ার দেওয়া হয় তাও জানতে চান। এমন প্রেক্ষাপটে গতকাল সকালে অংকুরসহ সংবাদকর্মীদের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।
ওই ১২ সংবাদকর্মীর মধ্যে অন্যরা হলেন– সরকার আবদুল্লাহ তুহিন (দৈনিক অধিকার), ফজলুল হক পাভেল (দৈনিক আমাদের নতুন সময়), সিফাত শাহারিয়ার প্রিয়ান (ডিবিএন নিউজ), তিতলি দাস (দৈনিক খোলা কাগজ), বায়েজিদ হাসান (দৈনিক আজকের খবর), ফারজানা সকাল (দৈনিক সংবাদ), হাবিবুল্লাহ আল মারুফ (দৈনিক আমার সংবাদ, দ্যা ডেইলি ক্যাম্পাস), আজিজুল হাকিম পাভেল (দৈনিক সমাচার), আশিকুর রহমান সৈকত (দৈনিক সময়ের আলো) ও ওয়াহিদুল ইসলাম (বাংলা ট্রিবিউন)।