রাজশাহী জেলা আ.লীগের নেতৃত্বে মেরাজ-দারা

রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মেরাজউদ্দিন মোল্লাকে সভাপতি ও কাজী আবদুল ওয়াদুদ দারাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। কমিটিতে লায়েবউদ্দিন লাভলু ও আয়েনউদ্দিনকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এ কমিটি ঘোষণা করেন।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ। মেরাজউদ্দিন মোল্লা রাজশাহী-৩ (পবা-মোহনপুর) এবং আবদুল ওয়াদুদ দারা রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সাংসদ।

এর আগে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন হয়।