ভোলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনিয়ম-দূর্নীতি ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার বেলা ১১টার দিকে ভোলা প্রেস ক্লাবের সামনে সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান খাঁ’র বিরুদ্ধে ইউনিয়নের বাসিন্দারা এ মানববন্ধন করেন।
এ সময় বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. ইউসুফ হোসেন, ৩নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল, ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান হওয়ার পর মিজানুর রহমান খাঁ তার ক্যাডার বাহিনী দিয়ে এলাকার মানুষকে জিম্মি করে নানা অনিয়ম-দুর্নীতি ও অত্যাচার করে আসছে।
এলাকার কেউ তার অপকর্মের প্রতিবাদ করলে তাদের মিথ্যা চুরি, ডাকাতি ও মাদক মামলার আসামি করে মামলা দিয়ে হয়রানি করেন। এদিকে মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সামনে চেয়ারম্যানের লোকজন ও মানববন্ধনে আসা লোকদের মধ্যে বাগ্বিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ইউনিয়নে প্রায় ৪০ হাজার লোকের বসবাস। সরকারি বরাদ্দ যা আসে এ দিয়ে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয় না। যার ফলে আমার প্রতিপক্ষ আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে বিভিন্ন লোকদের দিয়ে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।