উদ্‌যাপনের ভঙ্গি নিয়ে বিতর্কে কোহলি-উইলিয়ামস

ক্রিকেট মাঠে হরেক রকম ভঙ্গির সঙ্গে পরিচিত দর্শকেরা। সেই ভঙ্গিতে কখনো ফুটে ওঠে ‘অসম্মান’, কখনো রসিকতা, কখনো শুধুই মজা। ভারত-উইন্ডিজ সিরিজে বিরাট কোহলি এবং কেসরিক উইলিয়ামস এই উদ্‌যাপন নিয়ে এখন আলোচনার কেন্দ্রে।

আগের ম্যাচে উইলিয়ামসের ‘নোটবুক’ উৎসবের ভঙ্গি করে ক্যারিবিয়ান পেসারকে জবাব দিয়েছিলেন কোহলি। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দেখা গেল ভারত অধিনায়ককে ফিরিয়ে দেওয়ার পর ঠোঁটে আঙুল দিয়ে চুপ করার ইঙ্গিত করছেন উইলিয়ামস।

এত দিন উইকেট নিয়ে উইলিয়ামস একটা বিশেষ উৎসব করতেন। ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে নোটবুকে লেখার ভঙ্গি করতেন তিনি। যেন ব্যাটসম্যানকে বোঝাতে চাইতেন, তুমি আমার পকেটে। দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে কোহলিকে আউট করার পরে সেই ‘নোটবুক’ উৎসব করেছিলেন উইলিয়ামস। সে কথা ভোলেননি ভারত অধিনায়ক। আগের ম্যাচে উইলিয়ামসকে পরপর চার, ছয় মেরে সেই উৎসব ফিরিয়ে দেন।

রবিবার দ্বিতীয় ম্যাচে কোহলিকে ১৯ রানে আউট করার পরে দেখা গেল উইলিয়ামসের আরেকটি নতুন ভঙ্গি। এ বার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করার ইঙ্গিত করেন ক্যারিবিয়ান পেসার। শুধু কোহলির ক্ষেত্রেই নয়, দেখা গেল ইনিংসের শেষে রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে দিয়েও ওই একই ভঙ্গি করছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শোরগোল।

কেউ কেউ বলছেন উইলিয়ামস ঠোঁটে আঙুল দিয়ে কোহলিকে চুপ থাকতে বলেছেন। একই সঙ্গে এমন একটি ভাব দেখিয়েছেন, যাতে মনে হতে পারে তোমাকে আউট করে উল্লাসের কিছু নেই। উইলিয়ামস আরেকটি কাজ করে থাকতে পারেন।

কোহলি যেমন তাকে নকল করেছেন, ঠিক তেমনি তিনিও কোহলিকে নকল করেছেন। সন্দীপ মেহতা নামের একজন টুইট করেছেন, কোহলি যেভাবে ক্যাচ ধরে মাঝে-মাঝে ঠোঁটে আঙুল রেখে প্রতিপক্ষকে চুপ থাকার ইঙ্গিত করেন, এটা কি তাই?

উদ্‌যাপনের ভঙ্গি দিয়ে একে অপরকে এভাবে আক্রমণ করাকে কোহলি অবশ্য অসম্মানের কাতারে ফেলতে চান না। আগের ম্যাচেই তিনি বলেন, ‘এসবের মানে হচ্ছে দুর্দান্ত খেল, কিন্তু প্রতিপক্ষকে সম্মান কর।’