প্রায় এক মাস পর বাড়ি ফিরলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। রবিবার টুইট বার্তায় খবরটি জানানোর পাশাপাশি ভক্তদের ধন্যবাদ জানান তিনি।
শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ১১ নভেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ৯০ বছর বয়সী লতা।
নিজের ব্লগে লতা মঙ্গেশকর লেখেন, “বিগত ২৮ দিন আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। নিউমোনিয়া ধরা পড়েছিল। চিকিৎসকেরা চেয়েছিলেন হাসপাতালে থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে তারপর বাড়ি ফিরি। বাবা-মায়ের আশীর্বাদ ও আপনাদের প্রার্থনায় আজ আমি বাড়ি ফিরলাম। আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।”
লতা দীর্ঘ বলিউড প্লেব্যাক ক্যারিয়ারে এক হাজারেরও বেশি গান গেয়েছেন। পেয়েছেন ভারত সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণে। এ ছাড়া ১৯৮৯ সালে লাভ করেন দাদাসাহেব ফালকে পুরস্কার।