শহীদ মিনারে মঙ্গলবার সকালে অজয় রায়ের প্রতি শেষ শ্রদ্ধা

সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে অধ্যাপক অজয় রায়ের মরদেহ। প্রয়াতের ছোট ছেলে অনুজিৎ রায় খবরটি নিশ্চিত করেছেন।

অনুজিৎ জানান, সোমবার অজয় রায়ের মরদেহ বারডেমের হিমাগারে রাখা হবে। মঙ্গলবার সকালে নিয়ে যাওয়া হবে বেইলি রোডের বাসভবনে।

সেখান থেকে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধার জন্য নিয়ে যাওয়া হবে।

অজয় রায়ের শেষ ইচ্ছা অনুযায়ী চিকিৎসাবিজ্ঞানের গবেষণার জন্য তার মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে।

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর পৌনে ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজয় রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২৫ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক অধ্যাপক অজয় রায়। ধীরে ধীরে শ্বাসকষ্ট বাড়লে দুই দিন পর তাকে কৃত্রিম শ্বাস দেওয়া শুরু হয়। প্রায় দুই সপ্তাহ তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা অধ্যাপক অজয় রায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতাদেরও একজন। চার বছর আগে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারানো বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বাবা অজয় রায় গত ২৮ অক্টোবর আদালতে গিয়ে ছেলে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন।

মুক্তিযোদ্ধা অজয় রায়ের সক্রিয় অংশগ্রহণ ছিল ভাষা আন্দোলন ও উনসত্তরের গণ-অভ্যুত্থানেও।