বরগুনা সরকারি কলেজে নবীনবরণে হামলা

বরগুনা সরকারি কলেজ ইংরেজি বিভাগে সম্মান প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শিক্ষার্থীদের মারধরসহ চেয়ার-টেবিল ভাঙচুর করে তারা।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিভাগের হলরুমে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

রুপা, মরিয়ম, আঁখিসহ কয়েকজন শিক্ষার্থী জানান, অনুষ্ঠান শুরুর কিছু সময় আগে একদল যুবক এসে অনুষ্ঠানস্থলে ঢুকে হামলা চালিয়ে টেবিল-চেয়ার, সাউন্ড সিস্টেম ভাঙচুর করে। এ ছাড়া তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তবে কী কারণে কারা হামলা করেছে, সে বিষয়ে কেউই মুখ খুলতে রাজি হননি।

বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, কলেজ কর্তৃপক্ষ অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আমাদের কিছু জানায়নি, আমরা খবর পেয়ে কলেজে পুলিশ পাঠাই। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।