ত্রয়োদশ এসএ গেমসে গতকাল বাংলাদেশ পেয়েছে মোট ৫টি সোনার পদক। আরচারিতে চারটি এবং ছেলেদের ক্রিকেটে একটি সোনা। ৫ সোনার পদক ছাড়াও বাংলাদেশ গতকাল পদক পেয়েছে আরও ১৫টি। পদকগুলো এসেছে শুটিং, ফেন্সিং, কুস্তি, বক্সিং এবং সাঁতার থেকে। এই ১৫ পদকের ৩টি রৌপ্য এবং ১২টি ব্রোঞ্জ।
বক্সিংয়ে রবিন মিঞার রৌপ্য : ৫৬ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য জিতেছেন রবিন মিয়া। ফাইনালে তিনি ২০-১৮ পয়েন্টে হেরে যান ভারতের বক্সার শচীনের কাছে। এছাড়া বক্সিংয়ের অন্যান্য ইভেন্টে আরও ৬টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে বক্সিংয়ে ১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ জিতল বাংলাদেশ।
সাঁতারে পদক : গতকাল সাঁতারে পদক পেয়েছে বাংলাদেশ। পুরুষ ৪ গুণিতক ১০০ মিটার মিডলে রিলেতে রৌপ্য জিতেছে বাংলাদেশ। দলের হয়ে রিলেতে অংশ নেন জুয়েল আহমেদ, আরিফুল ইসলাম, নুরুন্নবী নাহিদ ও আসিফ রেজা।
ফেন্সিংয়ে ১ রৌপ্য, ২ ব্রোঞ্জ : গতকাল ফেন্সিংয়ে বাংলাদেশ পেয়েছে ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ। ফেন্সিংয়ে ছেলেদের ফয়েল দলগত ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন রেজাউল করিম, রুবেল মিয়া, সাদ্দাম হোসেন এবং রাকিব মিয়া। আর মেয়েদের সাবরে দলগত ইভেন্টে ফাতিমা মুজীব, চাঁদনী আক্তার, ফারজানা আক্তার এবং নাজিয়া খাতুন ব্রোঞ্জপদক পেয়েছেন। এছাড়া মেয়েদের ইপি দলগত ইভেন্টে মঞ্জিলা আক্তার, আসমা আক্তার, কামরুন্নাহার এবং নাজমা খাতুন ব্রোঞ্জ পেয়েছেন।
শুটিং ও কুস্তিতে ব্রোঞ্জ : শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে শাকিল আহমেদ খান এবং আরদিনা ফেরদৌস অঁাখি ব্রোঞ্জপদক পেয়েছেন। কুস্তিতে মেয়েদের ৬৮ কেজি ওজন শ্রেণিতে তিথি রায় এবং ছেলেদের ৭৪ কেজি ওজন শ্রেণিতে শেখ শিপন ব্রোঞ্জপদক পেয়েছেন।