আশুলিয়ার সোয়েটার কারখানার গ্যাস হিটার মেশিন বিস্ফোরণ হয়ে দেয়াল চাপায় রিমা খাতুন (২০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে আশুলিয়ার খেজুরবাগান গৌরিপুর এলাকার ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এবং আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রিমা খাতুন (২০) কুড়িগ্রামের চিলমারী থানার খরখরিয়া ঝাকোয়াপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে আশুলিয়ার মুরাদ অ্যাপেয়ারেলস লিমিটেড নামে কারখানা অপারেটর হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে। আহতরা হলেন- জলিল, মাহফুজা ও আইয়ুব আলী।
এ আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, সিএনজি পাম্প থেকে দুইটি মিনি ট্রাকে বসানো সিলিন্ডারযোগে গ্যাস নিয়ে কারখানাটির গ্যাস হিটার মেশিনের মাধ্যমে স্থানান্তর করার সময় একটি লাইন ছুটে যায়। যার ফলে গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে টিনসেট ঘরের চাল উড়ে যায় ও পাশে থাকা দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালের চাপায় পথচারী নারী পোশাক শ্রমিক রিমা খাতুন ঘটনাস্থলে নিহত এবং আরও তিনজন আহত হয়।
তিনি আরও বলেন, মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।