কালিহাতীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। এরপর তিনি নিজেও গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার আউলিয়াবাদের মন্ডল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে স্বামী লাল মাহমুদ ও তার স্ত্রী আনোয়ারা (৪৮) বেগমের মরদেহ উদ্ধার করে। নিহত লাল মাহমুদ (৫৫) আউলিয়াবাদের মন্ডল পাড়া এলাকার চান মাহমুদের ছেলে।

নিহতের মেয়ে লাকী আক্তারের বরাত দিয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন জানান, নিহত লাল মাহমুদ ও স্ত্রী আনোয়ারার দুই ছেলে দীর্ঘ দিন যাবৎ সৌদি আরব থাকেন। এ সুবাদে দুই ছেলে প্রবাসের টাকা তার মায়ের কাছে পাঠায়। এ নিয়ে কলহ চলে আসছিল তাদের মধ্যে।

এক পর্যায়ে সোমবার রাতে লাল মাহমুদ স্ত্রী আনোয়ারাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তিনি নিজেও ঘরের ধন্যার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও ওসি জানান।