নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১), ৯ (৪) (খ) ও ১১ (ক) কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
ওই তিনটি ধারা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, এই তিনটি ধারায় একমাত্র সাজা যথাক্রমে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড। এখানে আর কোনো সাজার বিধান নেই। অথচ ব্যক্তিগত বা সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে সকল অপরাধী সমান অপরাধ করেন না। এই আইনে অপরাধ প্রমাণ হলে হয় আসামিকে সাজা দিতে হবে নয়তো তাকে খালাস দিতে হবে।
এ বিষয়টি চ্যালেঞ্জ করে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।