ছেলেকে মারধরের ঘটনায় স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

ছেলেকে মারধরের জের ধরে মাদারীপুরের কালকিনিতে স্ত্রীর মামলায় সরোয়ার মুন্সী নামের এক প্রবাসী স্বামীকে জেলহাজতে প্রেরণ করেছে  থানা পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে, ৯ বছর পূর্বে দেশে আসেন সরোয়ার। এরই মধ্যে আগৈলঝাড়া উপজেলার মাগুরা গ্রামে গোপনে দ্বিতীয় বিয়ে করেন সরোয়ার। সরোয়ার মুন্সী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পৈত্রিক ভিটায় বসবাস শুরু করেন।

সরোয়ার হোসেন মুন্সী’র প্রথম স্ত্রী ৩ বছর পূর্বে মিনা নামের এক মেয়েকে লালন-পালনের জন্য আনার পর থেকে একমাত্র ছেলে আরাফাত মুন্সী ও পালিত মেয়ে মিনাকে নিয়ে অন্যত্র বসবাস করে আসছিল নুরুন্নাহার।

সম্প্রতি সরোয়ার মুন্সী নুরুন্নাহারের পালিত মেয়ে মিনাকে নিজের কাছে নিতে চাইলে গত ২৯ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদে এক সালিশ বৈঠকে ওই পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খাঁন এর উপস্থিতিতে অভিযুক্ত সরোয়ার মুন্সী নুরুন্নাহারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন।

এ সময় ছেলে আরাফাত মুন্সী (২০) তার বাবাকে থামানোর চেষ্টা চালায়। এসময় বাবা সরোয়ার তার সঙ্গীয় লোকজন নিয়ে  ছেলে আরাফাতকে আঘাত করেন। আঘাতের এক পর্যায় মাথা ফেটে যায় আরাফাতের। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় নুরুন্নাহারের পালিত কন্যা মিনাকে নিজের কাছে নিয়ে যায় সরোয়ার।

এ ঘটনায় আরাফাতের মা নুরুন্নাহার বাদী হয়ে তিন জনকে আসামী করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলা দায়েরে পর গত সোমবার সকালে মাদারীপুর র‌্যাব-৮ সরোয়ার মুন্সীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। পরে তাকে ডাসার থানায় সোপর্দ করে। সোমবার বিকেলে সরোয়ার মুন্সীকে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, হামলা মামলার আসামী সরোয়ারকে জেল হাজতে পাঠানো হয়েছে।