চেক প্রজাতন্ত্রের উত্তরপূর্বাঞ্চলীয় শহর অস্ত্রাভার একটি হাসপাতালে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার পরে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জন হামাচেক।
পুলিশ জানিয়েছে, হাসপাতালটিতে এক হামলাকারীর গুলিতে চারজন নিহত ও দুজন গুরুতর আহত হন। পরে আহত ওই দুজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয় বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আদাম বোইতেশ চেক রেডিওকে জানিয়েছেন।
হামলার তিন ঘণ্টা পর হামলাকারীকে একটি গাড়ির মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। পুলিশের ধারণা, হামলাকারী নিজেই গাড়ির মধ্যে গুলি করে আত্মহত্যা করেছে।
কেন একটি হাসপাতালে এমন হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের উদ্ধ…তি দিয়ে বিবিসি জানায়, হামলাকারী হাসপাতালেরই একজন কর্মচারী। কয়েক দিন আগেই সে অসুস্থতাজনিত কারণে ছুটি নিয়েছিল।