বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

ভালুক-সিংহের পরিবারে নতুন অতিথি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এই প্রথমবারের মতো ভালুক শাবকের জন্ম হয়েছে। গত শনিবার শাবকটির জন্ম হলেও পার্ক কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যায় খবরটি জানায়। এদিকে সেখানে সিংহের পরিবারেও এসেছে নতুন শাবক।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, গত শনিবার কোর সাফারির আফ্রিকান সাফারি পার্কের ভালুকের বেষ্টনীর গর্তের ভেতর বাচ্চার শব্দ শোনা যায়। পরে দেখা যায় গর্তের মধ্যে একটি মা ভালুক বাচ্চা নিয়ে বসে আছে। তবে কয়টি বাচ্চা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এরপর থেকেই পার্কের কর্মকর্তারা গর্তের মধ্যেই মা ভালুককে খাবার দিচ্ছেন।

তিনি জানান, সিংহ পরিবারেও নতুন অতিথির আগমন ঘটেছে। সোমবার দুপুরের দিকে সিংহের বেষ্টনীতে মা সিংহকে বাচ্চা নিয়ে ঘুরতে দেখা যায়। দেখে মনে হচ্ছে শাবটির বয়স অন্তত ১৫ দিন। এ নিয়ে পার্কে সিংহের সংখ্যা দাঁড়াল ১৬টিতে। তবে নতুন শাবকটি পুরুষ না মাদী তা নিশ্চিত হওয়া যায়নি। এ পর্যন্ত সাফারি পার্কে ১১টি সিংহ শাবকের জন্ম হয়েছে। ওই কর্মকর্তা বলেন, সদ্য জন্ম নেওয়া ভালুক ও সিংহ শাবকগুলোর প্রতি বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে।