নরসিংদীতে পাটকল শ্রমিকদের আমরণ অনশন

নরসিংদীতে মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে সমাবেশ, ভুখা মিছিল, প্রতীকী অনশন, বিক্ষোভ মিছিল, ২৪ ঘণ্টা কর্মবিরতির পর আমরণ অনশন কর্মসূচি পালন করছে পাটকল শ্রমিকেরা।

মঙ্গলবার বেলা ১২টা থেকে বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ইউএমসি জুট মিলের শ্রমিকেরা মিল গেটের  সামনে এই কর্মসূচি পালন করছে। অনশনে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএম সি ) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক  রয়েছে।

এ সময় ইউএমসি জুট মিলের সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউছার আহাম্মেদ, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সিবিএ নেতা মোশারফ হোসেন, কাইয়ুম প্রধান,শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকার সহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, গত মাসের ২৩ তারিখ থেকে বকেয়া মজুরি কমিশন, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফার দাবি জানিয়ে আসছে। দীর্ঘদিন আন্দোলন চললেও এই পর্যন্ত শ্রমিকদের দাবি দাবা পূরণ হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ কর্মসূচি চলবে।