পটিয়ায় গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পটিয়ার কচুয়াই বাইপাস এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মো. আলী (৩৫), মো. সাজ্জাদ (২৬), মো. সালেহ (৩০), আবদুর রহিম (২৬) ও আবু সৈয়দ (৬০)।
পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সৌমেন বড়ুয়া দেশ রূপান্তরকে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিলিন্ডারের একটি থেকে আরেকটিতে গ্যাস ভরার সময় গ্যাস লিক থেকে এ ঘটনা ঘটতে পারে প্রাথমিকভাবে ধারণা করছি।
চমেক বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, দগ্ধদের মধ্যে দোকান কর্মচারী রহিমের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। রহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের বার্ন ইউনিটে স্থানান্তরের জন্য তার স্বজনদের জানানো হয়েছে। এছাড়া আবু সৈয়দের ৩৮ শতাংশ ও মো. আলীর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। পটিয়ার সাংবাদিক কাউছার আলম জানান, কচুয়াই গ্রামে একটি বাড়িভাড়া নিয়ে এর সঙ্গে টিনশেড ঘর তৈরি করে গ্যাস সিলিন্ডারের গুদাম বানিয়েছিল টিপু। তার মুন্সেফ বাজারে মক্কা স্টোর নামে একটি গ্যাস সিলিন্ডারের দোকান আছে। গুদামে এক সিলিন্ডার থেকে অন্য গ্যাস সিলিন্ডারে ক্রস করতেই মূলত এ দুর্ঘটনা ঘটে।