গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠেয় ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াছ হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আগামী ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান সম্মেলন স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান গত সোমবার রাতে বলেন, আগামী ২১ ও ২২ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন হবে। সেই সম্মেলনের কারণে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আগামী ১৩ ডিসেম্বরের সম্মেলন স্থগিত করা হয়েছে।