বেলজিয়ান ক্লাব গেঙ্ককে হারিয়ে নাপোলিকে চ্যাম্পিয়ন লিগের নক-আউট পর্বে তোলার তিন ঘণ্টার কম সময়ের মধ্যে ক্লাবটির কোচের পদ হারালেন কার্লো আনচেলত্তি। বরখাস্ত করা হয়েছে ইতালিয়ান এই কোচকে।
আনচেলত্তির চাকরি হারানোর বড় কারণ সাম্প্রতিক সময়ে নাপোলির বাজে পারফরম্যান্স। মঙ্গলবার গেঙ্ককে ৪-০ গোলে হারানোর আগে সব ধরনের প্রতিযোগিতায় নয় ম্যাচের একটিতেও জয় পায়নি ইতালিয়ান ক্লাবটি।
নাপোলির কোচ হিসেবে দ্বিতীয় মৌসুমে দায়িত্ব পালন করছিলেন আনচেলত্তি। চলতি সেরি আয় তার দলের অবস্থান পয়েন্ট টেবিলের সপ্তমস্থানে। তবে চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা লিভারপুলকে হারাতে পারা একমাত্র দল হলো নাপোলি।
রিয়াল মাদ্রিদ, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও জুভেন্তাসের সাবেক কোচ আনচেলত্তির নতুন ঠিকানা হতে পারে আর্সেনাল বা এভারটন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব দুটির কোচের পোস্ট বেশ কিছু দিন ধরেই ফাঁকা।
কোচিং ক্যারিয়ারে বেশ সফল আনচেলত্তি। এর মধ্যে এসি মিলান ও রিয়ালের হয়ে দুইবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। মিলান, চেলসি, পিএসজি ও বায়ার্নের হয়ে জিতেছেন অনেক ঘরোয়া শিরোপা।