বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, অগ্নি সন্ত্রাস-জঙ্গিবাদ রুখে দেওয়ার পর বর্তমানে পুলিশের যুদ্ধ মাদকের বিরুদ্ধে। জনগণের সহযোগিতায় মাদককেও দেশ ছাড়া করব।
বুধবার বিকেলে চট্টগ্রামে বেলুন উড়িয়ে সিএমপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্বসূরিরা রাজারবাগে প্রথম প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিল নিজেদের অকাতরে বিলিয়ে দিয়ে। ২০১৩-১৪ ও ১৫ সালে অগ্নি সন্ত্রাস রুখে দিয়েছিল বাংলাদেশের পুলিশ তাদের রক্ত দিয়ে। ১৭জন সহকর্মীকে তখন হারিয়েছি। ১ হাজারের অধিক সহকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। ২০১৬ তে জঙ্গি দমনে সাহসী পুলিশ অফিসারকে হারিয়েছি। আমরা হার মানিনি।
তিনি বলেন, এখন আমরা যুদ্ধ করছি মাদকের বিরুদ্ধে। আমরা আশাবাদী কারণ জনগণ যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে, সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদককেও দেশ ছাড়া করব।
ড. জাবেদ পাটোয়ারি আরও বলেন, আমাদের আশপাশের দেশগুলোতে আড়াই শ লোকের জন্য একজন পুলিশ। ইউএনের স্ট্যান্ডার্ডে তিন শ জনের জন্য একজন পুলিশ। আমাদের সেই মাইলফলক ছুঁতে অনেক দূর যেতে হবে।
পুলিশ মহাপরিদর্শক বলেন, সার্বিকভাবে পুলিশ ও জনসংখ্যার যে সংখ্যা অনুপাত সেটা ৯শ জনের জন্য ১ জন পুলিশ। এটা যথেষ্ট নয়। এ জন্যই আমরা আপনাদের কাছে ফিরে আসি। জনগণই আমাদের শক্তি। কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের পাশে দাঁড়ায়।
এর আগে স্বাগত বক্তব্য দেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিএমপির সাবেক কমিশনার আবদুল জলিল মন্ডল, সাবেক কমিশনার ও অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।