দশ বছর পর পাকিস্তানে ফিরল টেস্ট ক্রিকেট। দিনটা তাই দেশটির ক্রিকেট অনুরাগীদের জন্য ছিল উৎসবের। ২০০৯ সালে যে শ্রীলঙ্কা দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের মাটিতে থেকে ক্রিকেট নির্বাসিত হয়ে পড়ে, সেই দলটার বিপক্ষে ম্যাচ দিয়েই ফের টেস্ট ফিরল পাকিস্তানে। উৎসবের দিনটিতে বোলিংয়ে দারুণ সময় পার করল পাকিস্তান।
বুধবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ২০২/৫। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিল তারা। স্বাগতিক পেসারদের তোপে শুরুতেই বিপাকে পড়ে দলটি। পরে অবশ্য কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে নিজেদের। আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হয়ে যায় ২২.৫ ওভার বাকি থাকতেই।
লঙ্কান দুই ওপেনার অধিনায়ক দিমুথ করুনারত্নে ও ওসাদা ফার্নান্দো উদ্বোধনী জুটিতে যোগ করেছিলেন ৯৬ রান। কিন্তু এরপর ৩১ রান যোগ করতেই চার উইকেট হারিয়ে ফেলে (১২৭/৪)।
পাকিস্তানের বোলিং আক্রমণকে নেতৃত্বে দিয়েছেন ১৬ বছর বয়সী নাসিম শাহ। ৫১ রান খরচায় ২ উইকেট নিয়ে দিনের সবচেয়ে সফল বোলার তিনি। ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি ও উসমান শেনওয়ারি।
শ্রীলঙ্কার পক্ষে দনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত ৩৮ ও নিরোশান ডিকভেলা অপরাজিত ১১ রানে দিন শেষ করেছেন। দলটির পক্ষে দিনের সবচেয়ে সফল অধিনায়ক করুনারত্নে। ৫৯ রান আসে তার ব্যাট থেকে। এ ছাড়া ৪০ রান করেছেন আরেক ওপেনার ফার্নান্দো। অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট থেকে আসে ৩৮ রান।