পার্বতীপুরে ২ ওষুধ ব্যবসায়ী ও এক মাদকসেবীর দণ্ড

সরকারি হাসপাতালে বিনা মূল্যে বিতরণের ওষুধ মাদকদ্রব্য হিসেবে বিক্রির অপরাধে পার্বতীপুরে দুই ওষুধ ব্যবসায়ী ও এক মাদক সেবনকারীকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে অভিযুক্ত তিনজনকে আদালতে উপস্থিত করা হলে বিচারক তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠান।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার মন্মথপুর ইউনিয়নের রাজাবাসর ল্যাম্ব হাসপাতাল বাজার এলাকার তৌফিক মেডিকেল স্টোরের মালিক ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত রফিকুল ইসলাম (৫০), ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত রামপুর ইউনিয়নের সরকারপাড়ার নুরুল আমীন (৩৬) এবং ৮ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত শহরের মনিহারিপট্টি এলাকার মাদকসেবী কুতুবুজ্জামান ওরফে জামান (২৭)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান।