আইপিএল নিলামের জন্য যে ৯৭১ জন খেলোয়াড় নিজেদের নাম নিবন্ধন করেছিলেন, তাতে ছিল না মুশফিকুর রহিমের নাম। নিজে থেকেই নাম নিবন্ধন করেননি তিনি। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর চাওয়ায় নিলামের চূড়ান্ত তালিকায় থাকছে বাংলাদেশের এই ব্যাটসম্যান-উইকেটরক্ষকের নাম।
গত ২ ডিসেম্বর নিলামের জন্য নিজেদের নাম নিবন্ধন করা ৯৭১ ক্রিকেটারের নাম প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ। সেখান থেকে ফ্র্যাঞ্চাইজিদের পছন্দের খেলোয়াড়দের তালিকা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। ফ্র্যাঞ্চাইজিগুলো তালিকা জমা দেওয়ার পর আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৩২ জন ক্রিকেটের নাম উঠছে ১৯ ডিসেম্বর কলকাতায় হতে যাওয়া নিলামে।
চূড়ান্ত এই তালিকায় আগের প্রকাশিত তালিকার বাইরে থেকেও ২৪ জন ক্রিকেটারের নাম যোগ হয়েছে। যেটা ফ্র্যাঞ্চাইজিগুলো চাওয়ার ভিত্তিতে। যেখানে ২৪ ক্রিকেটারের মধ্যে মুশফিক ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার মতো নাম রয়েছে।
নিলাম থেকে এবার ৭৩জন ক্রিকেটার সুযোগ পাবেন বিভিন্ন দলে। আগের দল ধরে রাখার পর ফাঁকা জায়গাগুলো পূরণ করতে নিলাম থেকে খেলোয়াড় বেছে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ৭৩ ক্রিকেটারের মধ্যে বিদেশির সংখ্যা ২৯ জন।
বাংলাদেশ থেকে নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন ৬ ক্রিকেটার- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। আইপিএল কর্তৃপক্ষ চূড়ান্ত তালিকার সবার নাম প্রকাশ না করায় মুশফিক ছাড়াও আর কে থাকছেন নিলামে সেটি জানা যায়নি।