সত্য-মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে

তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস গতকাল বৃহস্পতিবার বিভিন্ন জেলা ও উপজেলায় পালন করা হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে দিনটির এবারের প্রতিপাদ্য ছিল ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে।’ এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

কুমিল্লা : সকাল ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে এতে অংশগ্রহণ করে কুমিল্লা জেলা সমাজসেবা অফিস, কুমিল্লা আইসিটি ক্লাব, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা জেলা রোভার, স্কাউট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকরা। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক একটি সেমিনার হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

বাগেরহাট : জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। সেমিনার শেষে ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তিতে অবদান রাখার জন্য পুরস্কৃত করা হয়।

নড়াইল : জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহাবুবুর রশিদের সভাপতিত্বে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রতন কুমার হালদার, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. অলিয়ার রহমান, নারীনেত্রী আঞ্জুমান আরাসহ অনেকে।

খাগড়াছড়ি : সকালে পৌর টাউন হলের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আলোচনা সভা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম প্রমুখ।

পঞ্চগড় : সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ শীর্ষক সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান, পুলিশ সুপার মো. ইউসুফ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবদুল আলীম খান ওয়ারেশী, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এর আগে অতিথিরা বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

জামালপুর : সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বকুলতলা মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সুহেল মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলায় তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালনের খবর পাওয়া গেছে।