নাগরিকত্ব বিল বাতিলের মিছিলে গুলি, নিহত ৩

ভারতের আসামের গোয়াহাটিতে নাগরিকত্ব বিল বাতিলের মিছিলে পুলিশের গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। খবর এনডিটিভি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসা মিছিলে পুলিশ গুলি চালায়। 

এর আগে বুধবার রাতে ভারতের রাজ্য সভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পরই আসামে কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার সেই কারফিউ অমান্য করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। সন্ধ্যায় সেই মিছিলে গুলি করা হয়। 

বৃহস্পতিবার আসামের ১০ জেলায় ইন্টারনেট সেবা আরো ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। চারটি এলাকায় সেনা মোতায়েনও করা হয়। 

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এবং কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলির বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। আসামের অতিরিক্ত মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণা জানিয়েছেন, আসামের ১০ জেলায় আরও ৪৮ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখা হবে। 

তিনি বলেন, বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল, রামেশ্বর তেলি এবং বিজেপি নেতা বিনন্দা হাজারিকার বাড়িতে হামলা চালানোয় গুয়াহাটি ও ডিব্রুগড়ে কারফিউ জারি করা হয়েছে।