বরিশালে পেঁয়াজ ও চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে পথ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের দোহাই দিয়ে আজ সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। এই স্বৈরাচার সরকার সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। যার কারণে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলেও মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছে।’
এ সময় অবিলম্বে পেঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তাারা। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন অধ্যাপক দুলাল মজুমদার, শ্রমিকনেতা আবদুর রাজ্জাক সিকদার, নারী নেত্রী ইয়াসমীন সুলতানা, ছাত্রনেতা নবীন আহমেদ, সাকিবুল ইসলাম শাফিন, মো. জাবেদ প্রমুখ।