বাজে পারফরম্যান্সের দায় সংবাদমাধ্যমকে

ক্রিকেটারদের পেশাদার হতে বললেন মাশরাফী

‘যেকোনো সিরিজ শুরুর আগে আপনাদের (মিডিয়া) একটা বড় ভূমিকা থাকে’ মুমিনুল হক বলেছিলেন ১৪ নভেম্বর, ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টের প্রথম দিনের খেলা শেষে। ‘আপনাদের (মিডিয়া) এই বলাটার জন্যই আমি ফর্ম থেকে হারিয়ে যাই। ফর্মে থাকতে থাকতে হারিয়ে যাই’

ইমরুল কায়েস বলেছেন ১১ ডিসেম্বর, বিপিএলের প্রথম দিনের খেলা শেষে।

সম্প্রতি দেশের দুই সিনিয়র ক্রিকেটার দল ও ব্যক্তিগত ব্যর্থ পারফরম্যান্সের কারণ জানাতে গিয়ে এভাবে সংবাদমাধ্যমকে দোষারোপ করেন। প্রায় পাঁচ মাস পর মাঠে ফেরা মাশরাফী বিন মোর্ত্তজা গতকাল ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ছুটে যায় তার দিকেÑ কেন ক্রিকেটাররা এমন করছেন? বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মনে করেন, কোনো কিছুকেই ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয় কারও। 

এ ব্যাপারে মাশরাফী পেশাদারিত্বকে গুরুত্ব দিলেন। বাজে খেললে সমালোচনা হবে এটা মেনে নেওয়ার পরামর্শ দিলেন ক্রিকেটারদের। ক্রিকেটার হিসেবে আরও পেশাদার হওয়ার আহ্বানও জানালেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। পাশাপাশি সংবাদমাধ্যমকে বিষয়গুলো ব্যক্তিগতভাবে না নেওয়ার অনুরোধ করেন, ‘আমার কাছে মনে হয় আপনাদেরও ব্যক্তিগতভাবে বিষয়গুলো না নেওয়া উচিত। অনেকে আবার এসবে অভ্যস্ত নন। অনেক সময় দেখা যায়, অনেক খেলোয়াড় আছে যারা মাঠের বাইরের ব্যাপার আত্মস্থ করে। পেশাদারি মনোভাব ধরে রাখতে হবে। আমি খারাপ করলে আপনি লিখতে বাধ্য। আমি ভালো করলেও আপনি লিখতে বাধ্য। সো, এটা ব্যক্তিগতভাবে না নিয়ে চলাটাই শ্রেয়। অনেকেই প্রেসারটা মাথায় নিয়ে নেয়। যেটা পেশাদার জীবনে প্রয়োজন নেই। যে যার কাজ করবে সেটাই স্বাভাবিক। মিডিয়াকে দোষ দিয়ে তো ভালো খেলতে পারার সুযোগ কম। মিডিয়ার লেখালেখির কারণে যদি মাথায় ঝামেলা তৈরি করে তাহলে সেটা ইগনোর করা বেটার। বড় খেলোয়াড়রা এটাই করে। আমার কাছে মনে হয় যার যেটা প্রফেশন সেখানে স্ট্যান্ড নেওয়া জরুরি। আপনি খেলোয়াড়, আপনি খেলা নিয়ে চিন্তা করেন বাইরের চিন্তা বাদ দিয়ে।’

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে ইনজুরিতে পড়েছিলেন মাশরাফী। সেই হালকা ইনজুরি নিয়েই টুর্নামেন্টে খেলেছেন। যে কারণে তার পারফরম্যান্সে চাপ পড়ে। তবে বিশ্বকাপের পরই সেই ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরের আগে মাঠের বাইরে চলে যান। পাঁচ মাস অনেকটা ওজন কমিয়ে মাঠে ফিরলেও পূর্ণ ফিটনেস থেকে দূরে আছেন তা স্বীকার করলেন মাশরাফী, ‘অনেক দিন পর মাঠে নামলাম কিছুটা আড়ষ্টতা আছে। প্লেয়াররা অনেক দিন বাইরে থাকলে যে সমস্যাগুলো হয় তা হচ্ছে। তবে দুই-তিন ম্যাচ গেলে হয়তো সব স্বাভাবিক হয়ে আসবে। এগুলো আগেও ওভারকাম করেছি। এখনো আশা করি ঠিক হয়ে যাবে।’