কেরানীগঞ্জে তিন কারখানা সিলগালা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় হেলে পড়া একটি ছয়তলা ভবন ও তিনটি কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিন কারখানার মধ্যে গত বুধবার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা এলাকায় আগুন লাগা কারখানাটির মালিক নজরুল ইসলামের শুভাঢ্যা ইউনিয়নের দারুস সালাম এলাকায়ও আরেকটি কারখানা রয়েছে। বাকি দুটি কারখানা হলো– জিনজিরা ইউনিয়নের ডাকপাড়া এলাকায় ওয়াকিয়া প্লাস্টিক কারখানা ও জান্নাত স্টিল মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। হেলে পড়া ভবনটির মালিকের নাম মো. আজাদ হোসেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ও সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল হাসান সোহেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, ‘উপজেলার বেশিরভাগ কলকারখানার পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। আর এসব কলকারখানার অধিকাংশই আবাসিক এলাকায় ও এর আশপাশে গড়ে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘অনুমোদনহীন অবৈধ এসব কলকারখানার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে আমরা তিনটি কলকারখানা ও একটি হেলে পড়া (বহুতল) ছয়তলা ভবন সিলগালা করেছি এবং হেলে পড়া ঝুঁকিপূর্ণ ভবনটির পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং বাড়ির সকল ভাড়াটিয়াসহ ভবনের মালিককে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।’