‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না রাহুল

নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে ব্যঙ্গ করতে গিয়ে ‘রেপ ইন ইন্ডিয়া’ বলার জন্য ক্ষমা না চাওয়ার ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভারতে নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ নিয়ে মোদির নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করতে গিয়ে ওই বিতর্কিত মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রাহুলকে শুক্রবার কোনও উত্তর দেওয়ার অনুমতি দেননি স্পিকার। তিনি বাইরে সাংবাদিকদের বলেন, ‘আমি ক্ষমা চাইব না... আমাকে ব্যাখ্যা করতে দিন যা আমি বলেছি। আমি বলেছি প্রধানমন্ত্রী কথা বলে চলেছেন মেক ইন ইন্ডিয়া নিয়ে। সুতরাং যখন কেউ খবরের কাগজ খোলেন তিনি আশা করেন এই সংক্রান্ত কোনও খবর দেখবেন। কিন্তু কাগজ খুললে আমরা কী দেখতে পাই? আমরা দেখি বহু ধর্ষণের মামলা।’

তিনি অভিযোগ করেন, নাগরিকত্ব বিল ও উত্তর-পূর্বের প্রতিবাদ-বিক্ষোভ থেকে মানুষের নজর সরাতেই এমন করছেন‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি।

বিজেপি সাংসদ স্মৃতি ইরানি বলেন, ‘সব পুরুষই ধর্ষক নয়। রেপ ইন ইন্ডিয়া বলে আসলে গোটা ভারতকেই অপমান করেছেন তিনি।’