ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-তালশহর সড়কের সংস্কারকাজে নিমœমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে আশুগঞ্জ রেলগেট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে দরপত্র অনুযায়ী সড়কের কাজ না করলে রাজপথ ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দেন বক্তারা।
তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামার সভাপতিত্বে এতে বক্তব্য দেন চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, আশুগঞ্জ-তালশহর সড়কে নিমœমানের সামগ্রী দিয়ে সংস্কারকাজ চলছে। এ নিয়ে প্রতিবাদ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান মিথ্যা মামলা দিয়েছে। আমরা এসব মামলায় ভয় পাই না। ১৭ ডিসেম্বরের মধ্যে ঠিকাদার দরপত্র অনুযায়ী কাজ এবং মিথ্যা মামলা প্রত্যাহার না করলে ১৮ ডিসেম্বর রাজপথ-রেলপথ অবরোধ করা হবে।