মানিকগঞ্জের সাটুরিয়ায় হাবিবুর রহমান (২২) নামে সœাতক পর্যায়ের এক শিক্ষার্থী ট্রাকচাপায় নিহত হয়েছেন। সাটুরিয়ার বালিয়াটী ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাবিব ওই স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল থেকে দুই বন্ধুকে নিয়ে ফিরছিলেন। তিনি টাঙ্গাইলের সৃষ্টি একাডেমি নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নিহত হাবিব সাটুরিয়ার বালিয়াটী ইউনিয়নের মৃত আবদুল কুদ্দুস খানের ছেলে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রি কলেজের পশ্চিম পাশে মাটিবোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাবিব নিহত হন। এ সময় অন্য দুই আরোহী সাগর ও জাহাঙ্গীর আহত হন।
হাবিব তার ফেইসবুক ওয়ালে প্রাণের বিদ্যালয় বালিয়াটী ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানের আগেই তিনি না ফেরার দেশে চলে গেলেন।
অন্যদিকে খুলনায় ট্রাকের ধাক্কায় মফিজুল তরফদার (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে পাইকগাছা-কয়রা সড়কের শিববাটি ব্রিজের সামনে কৃষি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল পাইকগাছা উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মৃত মহিউদ্দিন তরফদারের ছেলে।
লাউয়াছড়ায় গাড়ির ধাক্কায় বানরের মৃত্যু
মৌলভীবাজার সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সংরক্ষিত জাতীয় উদ্যান লাউয়াছড়ার ভেতর দিয়ে চলে যাওয়া সড়কে গাড়ির ধাক্কায় একটি বানরের মৃত্যু হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান গেটের ১০ গজ অদূরে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রদক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, লাউয়াছড়ার প্রধান গেটের কাছে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে ধাক্কা খেয়ে বানরটির মৃত্যু হয়।