সুধারামে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

সুধারাম থানার অশ্বদিয়া ইউনিয়নের তাকওয়া মাদ্রাসার সামনে থেকে চোরাই মোটরসাইকেল, মাদকসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য রিয়াজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নোয়াখালী ডিবির ওসি কামরুল জামান সিকদার জানান, চোরাই হোন্ডাসহ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিয়াজ মেম্বারকে আটকের পর তার পকেটে পাওয়া যায় ২১ পিস ইয়াবা বড়ি।

ডিবির এসআই সাঈদ মিয়া জানান, তারা পৌঁছার কয়েক মিনিট আগে রিয়াজ মেম্বারের কাছ থেকে একই এলাকার নাছির উদ্দিন টিটু মেম্বার মাদকের একটি বড় চালান নিয়ে পালিয়ে যান। অনেক চেষ্টা করেও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিটু মেম্বারকে আটক করা যায়নি।

ডিবি আরও জানায়, গ্রেপ্তারকৃত রিয়াজ মেম্বারের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ চাঁদাবাজি, গাড়ি ছিনতাই, মাদক ব্যবসাসহ ৭-৮টি মামলা রয়েছে। রিয়াজ মেম্বারের গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে নাছির উদ্দিন টিটু মেম্বারসহ অন্য মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।