পাকিস্তান দলের স্পিন পরামর্শক মুস্তাক আহমেদ

সাবেক লেগ স্পিনার মুস্তাক আহমেদকে জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বছরের অন্তবর্তী সময়ের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি।

পাকিস্তান দলের লেগ-স্পিনার ইয়াসির শাহের বোলিং আরও ধারালো করতে প্রয়োজনীয় পরামর্শ দেবেন মুস্তাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আশানুরূপ ভালো করতে পারেননি ইয়াসির। উইকেট পেয়েছিলেন মাত্র ৪টি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টে দলে ডাক না পেলেও দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তান দলে থাকবেন তিনি। ইয়াসিরকে ফর্মে ফেরানোই মূল লক্ষ্য মুস্তাকের।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটসহ অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের বোলিং পরামর্শদাতা হিসেবেও কাজ করবেন মুস্তাক।

এর আগেও পাকিস্তান ক্রিকেট দলকে কোচিং করিয়েছেন সাবেক তারকা লেগ-স্পিনার মুস্তাক। ২০১৪ সালের মে মাসে জাতীয় দলের স্পিন বোলিংয় পরামর্শদাতা হিসেবেই তাকে নিয়োগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেসময় পাক জাতীয় দলের প্রধান কোচ ছিলেন সাবেক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস।

দেশের হয়ে ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে খেলা মুস্তাক ২০০৮ থেকে ইংল্যান্ডের স্পিনং কোচিংয়ের দায়িত্ব সামলেছেন। ১৯৯০ থেকে ২০০৩ এই ১৩ বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯২ পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। টেস্টে ১৮৫টি ও ওয়ানডেতে ১৬১টি উইকেট নেওয়া লেগ-স্পিনারের উপর আবার আস্থা দেখাল পিসিবি।