সিকৃবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ৮টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্ত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে ভবনের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদারের নেতৃত্বে শোক র‌্যালি বের হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সমাবেত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিকৃবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মিটু চৌধুরী, সিকৃবি প্রক্টর প্রফেসর ড. সোহেল মিঞা, সিকৃবি শিক্ষক সমিতির নেতারা, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সিকৃবি  শাখা ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মহিয়ার রহমান হাওলাদার।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা পুষ্পাঞ্জলি অর্পণ করেন।