২০২০ আইপিএল আসরের নিলামের জন্য বাংলাদেশ থেকে নিজেদের নাম নিবন্ধন করেছিলেন মোট ৬ ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় সেই ছয়জনের চারজনই বাদ পড়েছেন। নাম নিবন্ধন না করেও ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহে তালিকায় জায়গা পেয়েছেন তিনজন।
সব মিলে এবারের আইপিএল নিলামে উঠতে যাওয়া বাংলাদেশি পাঁচ ক্রিকেটার হলেন- মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। ভিত্তিমূল্যে যাদের মধ্যে সবচেয়ে এগিয়ে মোস্তাফিজুর রহমান।
আইপিএলের নিলাম বসবে ১৯ ডিসেম্বর, কলকাতায়। যে নিলামের জন্য এ মাসের শুরুতে ৯৭১জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছিল আইপিএল কর্তৃপক্ষ। যে খেলোয়াড়রা নিজে থেকে নিবন্ধন করেছিলেন, তারাই ছিলেন সেই তালিকায়।
এরপর ফ্র্যাঞ্চাইজিদের চাহিদার ভিত্তিতে ৩৩২ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ। চূড়ান্ত এই তালিকায় আগের প্রকাশিত তালিকার বাইরে থেকেও ২৪ জন ক্রিকেটারের নাম যোগ হয়। বাংলাদেশ থেকে মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও সাইফউদ্দিন ছিলেন ছিলেন সেই তালিকা।
আর নিলামে নিজেদের নাম তোলার আগ্রহ প্রকাশ করেও শেষ পর্যন্ত বাদ পড়ে যান তামিম ইকবাল, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। টিকে যান শুধু মোস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
যে পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠতে যাচ্ছে তাদের মধ্যে কতজন সুযোগ পান সেটি একটি প্রশ্ন। ফর্ম বিচারে মুশফিকুর রহিমের ভালো সুযোগ আছে এটা বলাই যায়। বিশেষ করে সর্বশেষ ভারত সফরে তার পারফরম্যান্স ছিল দারুণ।
তবে নিলামে যে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে সেখানে মুশফিকের চেয়ে এগিয়ে মোস্তাফিজ। আইপিএলের দুই আসরে খেলা মোস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। সাব্বির ও সাইফউদ্দিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।